বাংলাদেশে কার্যকরী সংসদীয় গণতন্ত্র বিরাজমান
বর্তমানে বাংলাদেশে কার্যকরী ও অংশগ্রহণমূলক সংসদীয় গণতন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কয়েকজন। বাংলাদেশের জনগণকে গণতন্ত্রকামী উল্লেখ করে তারা বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এদেশের জনগণ গণতন্ত্র চর্চা করতে ভালোবাসে। ভবিষ্যতে এই চর্চা আরো উন্নত হবে।
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার তার কার্যালয়ে দেখা করে এসব কথা বলেন কূটনীতিকরা। স্পিকারের সঙ্গে যারা দেখা করেছেন তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফস এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনীতিকরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নিয়ে আলোচনা করেন। শিরীন শারমিন চৌধুরী কূটনীতিকদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক কার্যকরী। বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। আগের সংসদে বিরোধী দল থাকলেও দিনের পর দিন তারা সংসদ অধিবেশনের বাইরে ছিলেন। তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখেননি।
এইচএস/এনএফ/পিআর