‘নীরব জোন’ বাস্তবায়নে রাজধানীতে হর্নবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘নীরব জোন’ বাস্তবায়নে রাজধানীতে সচেতনতামূলক কর্মসূচি

রাজধানীতে শব্দদূষণ রোধে বিভিন্ন স্থানকে ‘নীরব জোন’ ঘোষণা করা হয়েছে। এই ‘নীরব জোন’ বাস্তবায়নে রাজধানীর সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযান ও জনসচেতনতামূলক এই কাজ শুরু করেন।

এদিন রাজধানীর শিক্ষা ভবনের পশ্চিম পাশে হাইকোর্ট গেট সংলগ্ন এলাকায় কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে ও যানবাহনে হর্ন না বাজানোর বিষয়ে সচেতন করা হয়।

ডিএমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর সমন্বিত এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন
বিমানবন্দর এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নে ৯৪ মামলা
শাহজালাল বিমানবন্দরকে নীরব এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বেশকিছু স্থানকে ‘নীরব এলাকা’ ঘোষণা দিয়ে এসব এলাকায় হর্ন বাজানোর সাজার বিধানে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।

jagonews24

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ এর চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বোঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার, অথবা ৩ মাসের কারাদণ্ড)।

এতে আরও বলা হয়, ৩ ফেব্রুয়ারি থেকে সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা: অর্থদণ্ড/কারাদণ্ড) ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণবিজ্ঞপ্তিতে সব সরকারি/বেসরকারি গাগিচালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।