পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৩ মার্চ ২০২৪

জাতীয় পর্যায়ে পরিবার প্রতি মাসে গড় খানা খরচ ১২ হাজার ৫৩ টাকা। পল্লি, শহর ও সিটি করপোরেশন এলাকার গড় মাসিক ব্যয় কম বেশি দেখা গেছে। পল্লিতে ১১ হাজার ৭১৮ টাকা, শহরে ১১ হাজার ৮৯০ টাকা এবং সিটি করপোরেশন এলাকায় পরিবার প্রতি খাবার খরচ ১৪ হাজার ১২৫ টাকা। সব থেকে বেশি খরচ হয় চাল কিনতে।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খাদ্য নিরাপত্বা পরিসংখ্যান ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র দেখা গেছে।

খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প ২০২২-এর অধীনে দুটি কার্যক্রম পরিচালিত হয়েছে। একটি হলো- খাদ্য নিরাপত্তা পরিবীক্ষণ এবং ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল জরিপ ২০২৩ পরিচালনা। অপরটি হলো ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ফুড ব্যালেন্স শিট এবং সাপ্লাই ইউটিলাইজেশন অ্যাকাউন্ট প্রস্তুত করা।

বিবিএসর ১৫ থেকে ২৫ জুন ২০২৩ পর্যন্ত প্রথমবারের মতো দেশের নির্বাচিত সাধারণ খানায় খাদ্য নিরাপত্তা পরিবীক্ষণ এবং এফআইইএস জরিপ পরিচালনা করেছে। বিবিএসের দক্ষ তথ্য সংগ্রহকারীদের জরিপের তথ্য-উপাত্ত সংগৃহীত হয়।

বিবিএসের কম্পিউটার উইংয়ের মাধ্যমে ক্যাপি অ্যাপ্লিকেশন প্রস্তুত করা হয়েছিল এবং এ জরিপটি বিভিন্ন ধাপে নিয়মিত পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান করা হয়েছিল। যার ফলে এ থেকে প্রাক্কলিত সূচকগুলো নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য প্রাক্কলন দেয়।

বিবিএস জানায়, পল্লি এলাকায় চাল কেনা বাবদ গড় মাসিক খরচ ২ হাজার ৮২২ টাকা এবং মাছ কেনা বাবদ ১ হাজার ৬৩৭ টাকা। সিটি করপোরেশন এলাকায় চাল কেনায় খরচ ২ হাজার ২২১ টাকা এবং শহরাঞ্চলে ২ হাজার ৫৪০ টাকা। মাসিক খাদ্য ব্যয়ের সর্বোচ্চ ২২ দশমিক ৩৬ শতাংশ চাল কেনা বাবদ খরচ হয়। দ্বিতীয় স্থানে রয়েছে মাছ জাতীয় পণ্য ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে ফল ৭ দশমিক ৪০ শতাংশ।

বিবিএস জানায়, খাদ্য বহির্ভূত আইটেমের ধরন অনুসারে খানা প্রতি মাসিক গড় ব্যয়ের চিত্র দিয়েছে বিবিএস। পল্লিতে ৮ হাজার ১৩৯, শহরে ৮ হাজার ৫৬৮৪ ও সিটি করপোরেশন এলাকায় খরচ ১৫ হাজার ৪৬৯ টাকা। পল্লি এলাকায়, প্রতি মাসে সবচেয়ে বেশি ব্যয় করা হয় ঋণ পরিশোধের জন্য ২ হাজার ৫৩১ টাকা। এরপরে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত পণ্য কেনায় ১ হাজার ১২৪ টাকা এবং পোশাক ও জুতা কেনায় ৮১৩ টাকা। প্রতি মাসে অস্থায়ী আসবাবপত্র ও গৃহস্থালি উপকরণ বাবদ খরচ ছিল সর্বনিম্ন, যা ১৬৭ টাকা মাত্র। অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় মাসিক খরচ সবচেয়ে বেশি ব্যয় হয় বাড়িভাড়া পরিশোধ বাবদ বা ৫ হাজার ৮৮০ টাকা। এছাড়ায় শিক্ষাখাতে ব্যয় ১ হাজার ৮৪৮ টাকা।

জাতীয় পর্যায়ে মোট খাদ্য বহির্ভূত ব্যয়ের ১৭ দশমিক ৪৩ শতাংশ ব্যয় পরিবহন, পণ্য ও সেবার জন্য হয়। বিদ্যুতে ১৪ দশমিক ৪০ শতাংশ ব্যয় হয়।

এমওএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।