পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৯ এপ্রিল ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালানি তেলের মূল্য কমানোর কারণে পরিবহনে ভাড়া কমানো হবে। এজন্য সোমবার বিআরটিতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পরিবহনের ভাড়া কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওইসব কথা বলেন।

এ সময় সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন ও আতিয়া তনি প্রমুখ উপস্থিত ছিলেন।

জন কেরির বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার দেশেও হত্যাকাণ্ড হচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশি এক দম্পতিকে হত্যা করলেও এ ব্যাপারে তার কোনো মাথা ব্যাথা নেই। তিনি বাংলাদেশের কলাবাগানের হত্যাকাণ্ড নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। কোনো হত্যাকারীকে, খুনিকে ছাড় দেয়ার সুযোগ নেই।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরবর্তী ধাপসমূহ আরও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।