নির্বাচনি ইশতেহার
বিনামূল্যে শিক্ষাসহ নারীর ক্ষমতায়নে বিস্তৃত অঙ্গীকার বিএনপির
বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনে নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নারী অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা গেলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সহজ হবে বলে মনে করে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো রাষ্ট্রই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। বিনামূল্যে শিক্ষাসহ নারীর ক্ষমতায়নে বিস্তৃত অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি।
ইশতেহারে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগের কথা উল্লেখ করা হয়।
শিক্ষা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে বিএনপি স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের অঙ্গীকার করেছে। পাশাপাশি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়ে ইশতেহারে প্রজনন ও মানসিক স্বাস্থ্য সহায়তা সম্প্রসারণের কথা বলা হয়েছে। নারীদের স্বাস্থ্য ও হাইজিন নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে ভেন্ডিং মেশিন স্থাপন এবং কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনাও তুলে ধরা হয়।
নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান বিএনপি চেয়ারম্যান। লিঙ্গ-ভিত্তিক ও অনলাইন সহিংসতা, বিদ্বেষ এবং বুলিংয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের অঙ্গীকার করেন তিনি।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিশেষায়িত ‘নারী সাপোর্ট সেল’ প্রতিষ্ঠার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
জেপিআই/এমএমকে