পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির আমির ডা. শফিকুর রহমান

পাহারাদারির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াত নতুন সরকারের পাশে থাকবে, হাতে হাত রেখে কাজ করা হবে। তবে, স্বার্থ বিঘ্নিত হলে জামায়াত তাদের দায়িত্ব পালন করবে। এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় ওঠানো সম্ভব হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালাহ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। সেসময় জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের শাসনামলে প্রাতিষ্ঠানিক সব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হলে সরকারি দলের দায়িত্ব বেশি। তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে। জনস্বার্থ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে জামায়াতের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি দেখে জামায়াত দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দুনিয়ার সভ্য দেশগুলোর সংসদে কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা হয়, সেই সংস্কৃতি বাংলাদেশে দেখতে চায় জামায়াত। সংসদে বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, কথা বলার অধিকার পায়- সেটি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম 
চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে? 

জামায়াত আমির বলেন, সরকারি দল সুযোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত ও সিন্ডিকেটের কবল থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে জামায়াত সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ ছিল না। সমবেত প্রচেষ্টায় সরকারি দল ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর কোনো বিকল্প নেই। তবে এই পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ অর্জন করা সম্ভব করতে হলে সবার আন্তরিকতা থাকতে হবে।

নির্বাচনের আগে জামায়াত জনগণের সামনে যেসব বিষয় নিয়ে কথা বলেছে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান থেকে সবটুকু বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সবসময় জনগণের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ। এছাড়া সারা দেশে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।