বিএনপির নির্বাচিত এমপিদের নিয়ে দুই দিনব্যাপী সংসদীয় কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৫ মার্চ ২০২৬
গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন তারেক রহমানসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার লক্ষ্য এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা।

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আগামীকাল শুক্রবার (৬ মার্চ) ও পরদিন শনিবার (৭ মার্চ) এই কর্মশালা হবে। কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালার মাধ্যমে এমপিদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে নজরদারি কৌশল শেখানো হবে। এছাড়া মন্ত্রীরা দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও ধারণা পাবেন।

কর্মশালার প্রথম দিন আগামীকাল শুক্রবার দুটি সেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশন হবে। এই সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকালের সেশনে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জাগো নিউজকে বলেন, ‘আমাকে আগামী শনিবার বেলা আড়াইটায় বিএনপির গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আমাদের নেতা আমাদের দিকনির্দেশনা দেবেন।’

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।