দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
ছাত্রদল কেন্দীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে সকাল ১০টায় একটি মিছিল ঢাকা মেডিকেল কলেজ গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে সকাল সাড়ে ৭টায় শাহবাগ মোড় থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সালের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়া দুপুর ২টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে শাহবাগে থেকে কাটাবন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। পাশাপাশি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে দুপুরে বাংলা একডেমি এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল টিপু সুলতান রোড থেকে শুরু হয়ে ধোলাই খালে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুপুর ১টায় ক্যাম্পাসের বৈশাখী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে যাত্রাকালে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি ১ নাম্বার গেটে সংক্ষিপ্ত সমাবশের মধ্য দিয়ে শেষ হয়।
এছাড়াও ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, মুগদা থানা, কুমিল্লা দক্ষিণ জেলা, ময়মনসিংহ, নরায়নগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, রংপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞতিতে দিনব্যাপী এসব কর্মসূচির কথা জানান।
এমএম/আরএস/আরআই