গণতান্ত্রিক শক্তি দুর্বল হলে উগ্রবাদের উত্থান ঘটবে : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করে দিলে দেশে নাশকতা ও সন্ত্রাসবাদের উত্থান ঘটতে পারে। এতে করে বাংলাদেশে উগ্রবাদের আবির্ভাব হবে। এর পরিণতি বিএনপিকে নয়, সরকারকেই বহন করতে হবে।
শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শবে মেরাজ ও সদ্য প্রয়াত বিএনপি নেতা পিন্টুর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, পিন্টুর মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে আত্মগোপনে চলে যাওয়ার পর ১৩৪ দিন পর জনসম্মুখে এলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল।
চলতি বছরের ৩ জানুয়ারির পর থেকে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে জনসম্মুখে দেখা যায়নি।
পবিত্র শবে মেরাজ ও বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনায় শনিবার বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তাকে দেখা যায়।
এ অনুষ্ঠানে সোহেল বলেন, ‘পিন্টুর হত্যার পেছনে দেশের মন্ত্রী এমপিসহ যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবারই বিচার করা হবে।’
এমএম/এসকেডি/বিএ/আরআইপি