শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, সেদিন শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশে ফিরে এসেছিলেন। আর জীবন বাজি রেখে দেশে ফিরে এসেছিলেন বলেই দেশ আজ জঙ্গিমুক্ত। দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।

আলোচনা সভায় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আওয়ামী লীগ নেতারা যখন দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরেন। তিনি ফিরে এসেছিলেন বলেই দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া একটানা ৯২ দিন আন্দোলন সংগ্রামের নামে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু মানুষ হত্যাকরে তার ষড়যন্ত্র সফল হয়নি। তিনি বলেছিলেন, সরকারের পতন না ঘটা পর্যন্ত ঘরে ফিরবেন না। পরে আদালতে হাজিরা দিয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। যত বাধাই আসুক শেখ হাসিনা এদেশকে বঙ্গবন্ধুর আদর্শের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, আপনি সিটি নির্বাচন বর্জন করলেন, কিন্তু আপনার দলের কমিশনাররা বিজয়ী হয়ে শপথ গ্রহণ করলেন। তাহলে আমরা কি বুঝবো, আপনার দলের নেতারা আপনার কমান্ড মানেন না।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে দেশে ফিরে এসেছিলেন বলেই দেশে আজ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, সে সময়ে জিয়াউর রহমান আমাকে ডেকে শেখ হাসিনাকে দেশে না ফেরার জন্য বলেছিলেন। তারপরও সেদিন শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। আর শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে।

২০১৯ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া আপনি বার বার ভুল করছেন বলেই আজ আপনার দলের এই অবস্থা। তাই আপনাকে বলি ২০১৯ সালের নির্বাচনের জন্য আপনি আপনার দল গোছান। আমরা কিন্তু আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করে দিয়েছি। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাইনা। আমরা সবাই চাই আগামী নির্বাচনের মাঠে আপনিও থাকুন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।