জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদো জিয়া। শনিবার দুপুর ১২টায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর সমাধি প্রাঙ্গনে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
পাশেই ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর রক্তদান কর্মসূচির খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্ধোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। পাশাপাশি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগেও জিয়ার সমাধির সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জড়ো হন দলটির হাজার হাজার নেতাকর্মী। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সিনিয়র নেতাদের মধ্যে এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মাহাবুবুর রহমান, উপদেষ্টা আহমেদ আজম খান, শাজাহান ওমর, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
পরে খালেদা জিয়া রাজধানীর ২৫টি স্পটে দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করতে যান।
এমএম/এআরএস/এমএস