বাঁধা অতিক্রম করে তিস্তা চুক্তি করতে হবে : সুরঞ্জিত


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৮ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রীয় রাজনীতির বাঁধা অতিক্রম করেই তিস্তার পানি বণ্টন চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিস্তার বিষয়ে এখনো সমাধান হয়নি। সেক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে যুক্তরাষ্ট্রীয় রাজনীতি আছে। যুক্তরাষ্ট্রীয় মানে ফেডারেল পলিটিক্স। এটা আমাদের মতো নেশন, ওয়ান স্টেট গভমেন্ট না। তাদের যেহেতু প্রচুর স্টেট (রাজ্য) রয়েছে, তাই স্টেটগুলোর স্বার্থও দেখতে হয়। তাই তাদের এই যুক্তরাষ্ট্রীয় রাজনীতি বাধা অতিক্রম করেই যেতে হবে।

তিনি বলেন, ভারত সীমান্ত চুক্তির মাধ্যমে তারা তাদের ঐক্যমত প্রকাশ করেছেন। আমাদের দেশেও একটি ঐক্যমতের রাজনীতির প্রকাশ ঘটেছে। যারা ভারত বিরোধী রাজনীতি করছে তারাও ভুল-ত্রুটি বুঝে সীমান্ত চুক্তিসহ যে কয়টি চুক্তি হয়েছে তাতে ঐক্যমত প্রকাশ করেছে।

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, নরেন্দ্র মোদির এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বাতাবরণ সৃষ্টি হলো। সারা পৃথিবীর গণমাধ্যমে এ নিয়ে মুখর। আমাদের আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে।

সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।