সমৃদ্ধ দেশ গড়তে সুস্থ ও মেধাবী জনগোষ্ঠির প্রয়োজন : আমু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে সুস্বাস্থ্যের অধিকারী ও মেধাবী জনগোষ্ঠি গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার ‘৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৫’ উপলক্ষে আয়োজিত শতাধিক ছাত্রীর যোগাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উদ্দীপনা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ-সবল জাতি গঠনে শরীর চর্চার কোনো বিকল্প নেই।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও মার্শাল আর্ট ক্রমেই জনপ্রিয় হচ্ছে। কোনো ধরনের অস্ত্র-শস্ত্র ছাড়াই আত্মরক্ষার এ কৌশল তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া যুগিয়েছে। বর্তমান সরকার মার্শাল আর্টের মত শারীরিক কসরতের প্রসারে জিমনেসিয়াম তৈরিসহ দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি মার্শাল আর্ট ও যোগাসনের মত শরীর চর্চার প্রসারে বেসরকারি পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্ব দেন।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।