মোদির বক্তব্যে বিএনপির প্রত্যাশার প্রতিফলন নেই!
আন্তর্জাতিক লবিং তদবির করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ লাভ করা গেলেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়ােজিত মোদির ঐতিহাসিক ভাষণে বিএনপির প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। দেখা গেছে, রোববার সন্ধ্যায় টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া মোদির বক্তব্যে বিএনপির কোনো বিষয়ই উঠে আসেনি। দুই দেশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বললেও বিএনপি সংশ্লিষ্ট কোনো কথাই বলেননি মোদি।
বক্তব্যে মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ মহিলা ক্রিকেট তারকা সালমা, বাংলাদেশ ক্রিকেট দলের অসাধারণ নৈপূণ্যসহ নানা বিষয়ে কথা বলেন মোদি। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেননি তিনি।
এদিকে দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও গণতন্ত্রের সংকট নিয়ে কোনো কথা বলেননি মোদি। তিনি দু`দেশের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া দেখা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন কোনো প্রতিক্রিয়া মোদি দেখাননি যাতে বিএনপির আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের দিক ইঙ্গিত করে।
জানা গেছে, মোদির সঙ্গে সাক্ষাতের আগে গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের অভিযােগ এনে মধ্যবর্তী নির্বাচনে মোদির হস্তক্ষেপ কামনা করেছিল বিএনপি। এমনকি সার্বিক বিষয়ে বিএনপির প্রতি সু-নজরও প্রত্যাশা করেছিল তারা।
কিন্তু বিএনপির কোনো প্রত্যাশার প্রতিফলন মোদির বক্তব্যে দেখা যায়নি। এমনকি তার নিয়মিত টুইটে এ বিষয়ে কোনো স্ট্যাটাস লক্ষ্য করা যায়নি। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান মনে করেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএনপির প্রতাশার কতোটা প্রতিফলন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জাগো নিউজকে বলেন, জনসম্মুখে অভ্যন্তরীণ বিষয় নিয়ে মোদির কথা না বলাটা স্বাভাবিক। তিনি আমন্ত্রিত হয়ে বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে প্রত্যাশা থাকাটা খুবই স্বাভাবিক তবে তিনি তো গণতন্ত্রে ফিরিয়ে দেবেন না এটা আমাদের নিজেদেরকেই করতে হবে।
এমএম/বিএ/আরআই