ভারত বিরোধীতায় আগের অবস্থানেই বিএনপি : হাসান মাহমুদ
খালেদা জিয়া অনেক অনুনয় করে নরেন্দ্র মোদির সাক্ষাৎ পেলেও ভারত বিরোধীতায় তার জোট অনড় রয়েছেন। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। মঙ্গলবার মোদির সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, মোদীর সফরের পরদিনই বিএনপির সঙ্গী জামায়াত এ সফরের বিপক্ষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি নেতারাও তাদের পুরনো চরিত্র অনুযায়ী এই সফর সম্পর্কে অসংলগ্ন কথাবার্তা অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানেও মোদীর সফরকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে ভারত বিরোধিত ও জঙ্গি-মৌলবাদ পোষণ। সেই কারণেই অনেক অনুনয়, বিনয় করে বেগম খালেদা জিয়া নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেও মোদি যখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দিবে না ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে ও করবে। তখন থেকেই বিএনপি হতাশ হয়ে এ সফরকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিয়েছেন। তাই যে চুক্তিগুলো হয়েছে, সেগুলোর প্রশংসা না করে, তিস্তা চুক্তিসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করছে।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, মোদি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করেছেন এতেই বিএনপির গাত্রদাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
এএসএস/এএইচ/এমএস