ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে : বিএনপি
দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের সংকট নিরসনে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। না হলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে জানিয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, এই সরকারই বর্তমান সংকটের কারণ।
তিনি বলেন, অনেকেই বলছে বর্তমানে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে চলে গেছে। আমি তাদেরকে বলবো, বিএনপি জিয়ার আদর্শকে এখনো লালন করে। এজন্য এই সংকটের সময়ও তার মৃত্যুবার্ষিকীতেও ১৫ দিনব্যাপি অনুষ্ঠান পালন করা হচ্ছে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোসারফ হোসেন, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।
এমএম/এসকেডি/আরআই