পেট্রলবোমা মেরে মোদিকে সহিংসতা দেখাতে চেয়েছিল সরকার


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৩ জুন ২০১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরের আগে কুমিল্লায় সরকার পেট্রলবোমা মেরে মোদিকে বোঝাতে চেয়েছে বিএনপি জামায়াত সহিংসতা করছে। বিএনপি এখন আন্দোলনে নেই। তারপরও সরকার কয়েকদিন পরপর এভাবে হামলা করে বিএনপি-জামায়াতের নাম দেবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠন।

তিনি বলেন, তিস্তার পানি পাইনি। তিস্তার পানি থেকে বঞ্চিত রয়েছি। তিস্তার পানি বণ্টন না করে ফেনী নদীর কথা বলা হচ্ছে। ফেনি নদী একটি পাহাড় থেকে এসেছে। তিস্তার সাথে ফেনী নদীর সর্ম্পক নেই।

আব্দুল্লাহ আল নোমান বলেন, আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। দেশে আইনের শাসন নেই। গত ১০ দিনে ১০টি শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ তার নিজ দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যে যার মত সন্ত্রাস করে দখল-বাণিজ্য করছে। এসব সম্ভব হয়েছে প্রশাসনে সরকারের দলীয়করণের ফলে। এ সরকার আইনের শাসন তো দূরে থাক জঙ্গি শাসন করতেও ব্যর্থ হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্য গঠন করতে হবে। সরকার জনগণের উপর ফ্যাসিবাদী কায়দায় নির্যাতন করছে। সরকার গুম-খুন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে।

তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে ২২টি চুক্তি হয়েছে তার সার্বজনীন আলোচনা চায় না সরকার। যে চুক্তিগুলো হয়েছে তা ভারতের পক্ষে। আমরা এখন বিশ্বাস করি সবাইকে নিয়ে আলোচনা করে বাস্তবায়ন-কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করলে তার সুফল এখন পেতে পারে বাংলাদেশ।

নোমান বলেন, আওয়ামী লীগের অর্ন্তদ্বন্দ্বে ১৫ আগস্ট সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক শূন্যতায় জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন। তিনি বাকশাল থেকে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংসম্পূর্ন করেছিলেন।

এমএম/এআরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।