খালেদা জিয়া মোদি সাহেবের কাছে তোষামোদি করেছেন


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৩ জুন ২০১৫
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী প্রকাশ্যে বাংলাদেশে এসেছেন এবং সবার সঙ্গে কথা বলেছেন। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথ বিবৃতিতে প্রত্যেকটি চুক্তি উল্লেখ্ করা আছে। এখানে লুকোচুরির কিছু নেই।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, খালেদা জিয়া মোদি সাহেবের তোষামোদি করেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর বন্ধু-রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে তোষামোদি ও অভিযোগ করা জাতির জন্য লজ্জাজনক।

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কি - এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচন বা যেকোনো নির্বাচন সরকার বিবেচনা করে। সুতরাং এ মুহূর্তে নির্বাচন নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। জঙ্গীবাদ ও আগুন-সন্ত্রাসীর হাত থেকে কীভাবে বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে নিরাপদ করা যায় সেটাই এখন বিবেচ্য। এর জন্য আগে আগুন-সন্ত্রাসী খালেদা জিয়ার মামলাগুলো নিষ্পত্তি করে কীভাবে সাজার ব্যবস্থা করা যায় এ মুহূর্তে এটাই রাজনৈতিক অগ্রাধিকার।

এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এআরএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।