বিশেষ দূত থেকে এরশাদের অব্যাহতি চাইলেন ফিরোজ
দলকে বাঁচানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদ থেকে ‘অব্যাহতি’ চেয়েছেন পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজর রশিদ। জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল কি না এমন প্রশ্ন তুলে তিনি আরো বলেন, মাননীয় স্পিকার আমরা কি সত্যিকারের বিরোধী দল? মানুষ প্রশ্ন করে আমাদের কাছে। কি করলে আমরা সত্যিকারের বিরোধী দল হব।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত (২০১৫-১৬) অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফিরোজ রশিদ বলেন, আমার দলের চেয়ারম্যান, তিনি আবার মন্ত্রী মর্যাদায় রয়েছেন। এটা থেকে রেহাই চাই। জাতীয় পার্টি একটি বড় দল। আমাদের দলটাকে বাঁচতে দেন।
তিনি বলেন, মাননীয় স্পিকার আমরা কি সত্যিকারের বিরোধী দল? আমি একসময় টকশোতে বেশি যেতাম। এখন কম যাই। মানুষ বলে তোমরা কেমন বিরোধী দল। লাউয়ের আগাও খাবা, গোড়াও খাবা। আমি আপনার কাছে এই প্রশ্নের জবাব চাই। কি করলে আমরা সত্যিকারের বিরোধী দল হব?
ফিরোজ রশিদের বক্তব্যের সময় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও দলের চেয়ারমান এই এম এরশাদ অধিবেশন কক্ষে ছিলেন না।
রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ তুলে ধরে ফিরোজ রশিদ বলেন, যখন যে ক্ষমতায় আসে আরেক দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা মামলা দেয়া হয়। এমনকি চুরির মামলাও দেয়া হয়। আবার ওই দল আসলে আগের দলের বিরুদ্ধে একই মামলা দেয়। এভাবে রাজনীতিবিদদের চোর বানানো হয়। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আইয়ুব খানের আমলে আন্দোলন করে আমি জেলে গিয়েছিলাম। জেল খানায় আমাদেরকে একটা কার্ড দেয়া হতো। সেখানে লেখা থাকতো, রাজবন্দী। সেই কার্ড দিয়ে আমরা সব সুযোগ সুবিধাই পেতাম। এখন মন্ত্রী জেলে গেলে বলে চোর জেলে গেছে। এছাড়া প্লট বঞ্চিত সংসদ সদস্যদের জন্য উত্তরায় ৫ কাঠার জায়গা দেয়ার দাবি জানান তিনি।
এইচএস/এসএইচএস/আরআই