ঢিলেঢালা হরতালে যানজটমুক্ত ঢাকা
জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল রাজধানীতে পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। বুধবার সকাল থেকে হরতালের কারণে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে। দোকানপাটও খুলছে। তবে কোন সড়কে যানজটের সৃষ্টি হয়নি। রাজধানীর মগবাজার, খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, পল্টন, প্রেসক্লাব ও ধানমন্ডি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের অপিল বিভাগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে মঙ্গলবার দলটির পক্ষ থেকে ২৪ ঘণ্টার এই হরতাল আহ্বান করা হয়। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।
এদিকে, হরতালকে কেন্দ্র করে বেলা সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। এছাড়া হরতালের সমর্থনে মিছিল-পিকেটিংও চোখে পড়েনি। তবে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছে র্যাূপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা আনিস হোসেন জাগো নিউজকে বলেন, হরতালে রাজধানীতে যানজট না থাকলেও গণপরিবহণের সংকট রয়েছে। অফিস যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অপরদিকে, হরতালের কারণে রাজধানী ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। তবে বিকেল ৪ টার পর বাস চলবে বলে জানালেন মহাখালি বাস টার্মিনালের টিকেট কাউন্টারে থাকা কর্মকর্তারা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। ১৫-২০ মিনিট দেরি করলেও প্রতিটি ট্রেন দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে তথ্যানুসন্ধান কেন্দ্র।
এআর/এএইচ/এমএস