নবজাতকের সুচিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
নবজাতকের সুচিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ‘ম্যানেজমেন্ট প্রটোকল অফ নিউবর্ন ডক্টরস হ্যান্ডবুক’ তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের দ্বিতীয় তলায় বইটির মোড়ক উন্মােচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ডা. সঞ্জয় কুমার দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএম্এমই্উ প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. ম রহুল আমিন মিয়া, সাবেক প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, শিশু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী আলী কাওসার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালসহ নবজাতক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।
অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বিএসএমএমই্উতে সকল শিশু বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে শিশুদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। এরমধ্যে নবজাতক বিভাগ আন্তরিকতা ও যত্নের সঙ্গে নবজাতকদের সেবা দেয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, “ম্যানেজমেন্ট প্রটোকল অফ নিউবর্ন ডক্টরস হ্যান্ডবুক” শীর্ষক যে বইটি নবজাতক বিভাগের উদ্যোগে বের হলো তা নবজাতকদের সুচিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সারাদেশের চিকিৎসকদের জন্য একটি কার্যকরী গাইডলাইন হিসেবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, বাংলাদেশে নবজাতকদের রোগ, চিকিৎসা ও ব্যবস্থাপনা বিদেশের চাইতে একটু ভিন্ন। “ম্যানেজমেন্ট প্রটোকল অফ নিউবর্ন ডক্টরস হ্যান্ডবুক” শীর্ষক বইটি নবজাতকদের রোগ, চিকিৎসা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে বাংলাদেশের জন্য উপযোগী করে প্রকাশ করা হয়েছে।
এ বইটিতে ডেলিভারি রুম ম্যানেজমেন্ট, ড্রাগস ইউজড ইন এনআইসিইউসহ তথ্যসমৃদ্ধ ও চিকিৎসা বিজ্ঞানসম্মত ২৬টি টপিক অত্যন্ত সহজ ও সুন্দরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এগুলো পড়ে একজন চিকিৎসক সুন্দরভাবে নবজাতকের রোগ, চিকিৎসা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবেন। যা দেশের নবজাতক তথা শিশুমৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তিনি।
এমইউ/এসকেডি/পিআর