মালয়েশিয়া পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ প্রবাসী আটক
মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৭৭ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানে অবস্থিত দুর্গম গুদামে চীন থেকে আমদানি করা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করার কাজ চালানোর অভিযোগে ২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, চীনের দুই নাগরিক, বাংলাদেশের নয়জন, ভারতের দুইজন, মিয়ানমারের দুই পুরুষ ও আট নারী, কম্বোডিয়ার একজন নারী।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক চীনা নাগরিকদের দুজন তাদের বৈধ পাসের অপব্যবহার করেছেন। দুই বাংলাদেশি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছিলেন, আর বাকিরা কোনো বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন।
অভিযানকালে কর্তৃপক্ষ তিনটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি মিয়ানমার পাসপোর্ট, দুটি চীনা পাসপোর্ট, একটি কম্বোডিয়ান পাসপোর্ট এবং একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করে, যা এই কার্যক্রমে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাকারিয়া শাবান জানান, গুদামটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার করা চীনা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করে গ্রাহকের কাছে পাঠানোর কাজে ব্যবহৃত হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পাম অয়েল বাগানের ভেতরে কোনো সাইনবোর্ড ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
তিনি আরও জানান, আটক চীনা নাগরিকদের একজন অবৈধ ওয়ার্ক পারমিটবিহীন বিদেশিদের কাজে নিয়োগ দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এই কার্যক্রমটি প্রায় ছয় মাস ধরে চলছিল।
এ ঘটনায় ইমিগ্রেশন আইন ১৯৬৩-এর বিধি ৩৯(খ), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫বি ধারা, ১৫(৪) ধারা ও ৬(৩) ধারায় তদন্ত চলছে। সব সন্দেহভাজনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। এছাড়া, তিনজন স্থানীয় নাগরিককে তদন্তে সহায়তার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে সাবাহ রাজ্যের কোটা কিনাবালু ও তুয়ারান এলাকায় দুই দিনব্যাপী পরিচালিত ‘অপস কুটিপ’ ও ‘অপস সাপু’ অভিযানে ৫৩ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।
২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই অভিযানে কোটা কিনাবালু অভিবাসন সদর দপ্তরের ৬১ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। অভিযানের সময় মোট ১৭৭ জনকে তল্লাশি করা হয়।
তদন্তে দেখা যায়, আটক ৫৩ জনই ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(গ) ধারা লঙ্ঘনের সঙ্গে জড়িত। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছেন, এবং সবাই ফিলিপাইনের নাগরিক।
সাবাহ রাজ্য অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, অবৈধ অভিবাসীদের দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের লক্ষ্যভিত্তিক ও সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআরএম/এমএস