রমজান মাসে বিয়ে করা কি নিষিদ্ধ?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাসে বিয়ে করা কি নিষিদ্ধ? ছবি: পিক্সাবে

প্রশ্ন: রমজান মাসে বিয়ে করা কি ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়? এ মাসে বিয়ে করলে কি গুনাহ হবে?

উত্তর: ইসলামি শরিয়ত অনুযায়ী রমজানে বিয়ে করা নিষিদ্ধ নয়, অপছন্দনীয়ও নয়। রমজানে বিয়ে করলে গুনাহ হবে না। অন্যান্য মাসের মতই রমজান মাসেও দিনে বা রাতে যে কোনো সময় বিয়ের আকদ সম্পন্ন করা জায়েজ।

তবে রমজানে বিশেষ কোনো ওজর না থাকলে বা সফরে না থাকলে রোজা রাখা ফরজ এবং রোজা রেখে দিনের বেলা যৌনমিলন করা নিষিদ্ধ। রোজা রেখে স্বামী-স্ত্রী মিলিত হলে রোজা ভেঙে যায় যেমন ইচ্ছাকৃত খেলে বা পান করলে রোজা ভেঙে যায় এবং কাজা ও কাফফারা ওয়াজিব হয়।

রমজানের রাতে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত ইতেকাফকারী ছাড়া অন্যদের জন্য যৌনমিলন নিষিদ্ধ নয়। আর ইতেকাফকারীদের জন্য রাতেও যৌনমিলন নিষিদ্ধ। 

আল্লাহ তাআলা বলেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সাথে খেয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ কর। আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। (সুরা বাকারা: ১৮৭) 

রমজানের রাতে রোজার নিয়ত করে ফেলার পরও সুবহে সাদিক পর্যন্ত যেমন খাওয়া-দাওয়া জায়েজ থাকে, যৌনমিলন করাও জায়েজ থাকে। অনেকে মনে করেন রোজার নিয়তের পর আর যৌনমিলন করা যাবে না। এ ধারণা সঠিক নয়।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।