ইমাম যথাস্থানে দাঁড়ানোর আগে ইকামত দেওয়া যাবে?
প্রশ্ন: আমাদের এলাকার মসজিদে অনেক সময় ইমাম নামাজের জন্য সামনে পৌঁছার আগেই ইকামত শুরু হয়, ইকমত চলার সময় ইমাম সামনে পৌঁছেন। এভাবে ইমাম যথাস্থানে বা মেহরাবে দাঁড়ানোর আগে ইকামত দেওয়া কি সঠিক? আর নামাজের ইকামত শুরু হলে মুক্তাদিদের করণীয় কী?
উত্তর: ইমাম নামাজের জন্য মসজিদে প্রস্তুত থাকলে তিনি মেহরাবে এসে না পৌঁছলেও ইকামত শুরু করা যাবে। ইকামত শুরু করার জন্য ইমামের মুসল্লিদের সামনে বা মেহরাবে উপস্থিত থাকা জরুরি নয়।
জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, বেলাল (রা.) আজান দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেন। এরপর রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন হুজরা থেকে নামাজেরর জন্য বের হয়ে আসতে দেখতেন, তখন ইকামত বলা শুরু করতেন। (সুনানে আবু দাউদ: ৫৩৮)
তবে ইমাম যদি এত দূরে থাকেন যে ইকামত শেষ হয়ে যাওয়ার আগে ইমামের মেহরাবে পৌঁছাতে না পারার সম্ভবনা থাকে, তাহলে এই অবস্থায় ইকামত শুরু না করে ইমাম কাছাকাছি বা সামনে যাওয়ার অপেক্ষা করতে হবে।
নামাজের ইকামত শুরু হলে মুক্তাদীদের করণীয় হলো দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকা যেন ইকামত শেষ হতে হতে জামাতের কাতার সোজা হয়ে যায় এবং ইকামত শেষ হলে ইমাম নামাজ শুরু করতে পারেন।
সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, বেলাল (রা.) আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আসতে দেখে ইকামত শুরু করতেন। মুক্তাদিরা কাতার সোজা করা শুরু করতেন। এভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছার আগেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। (সহিহ মুসলিম: ১/২২০)
অন্য একটি হাদিসে এসেছে, মুয়াজ্জিন ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ বলে ইকামত শুরু করামাত্রই লোকেরা নামাজের জন্য দাঁড়িয়ে যেত এবং আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের জায়গায় পৌঁছতে পৌঁছতে কাতার সোজা হয়ে যেত। (মুসান্নাফে আবদুর রাযযাক: ১/৫০৭)
ওএফএফ