টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং

২০৬ ধাপ এগোলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার। যার ফলে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন এই পেসার।

থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে উইকেট শিকার করেন মারুফা। নেদারল্যান্ডসের বিপক্ষেও পান একটি উইকেট। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন এই পেসার।

বাছাইপর্বে অংশ নেওয়া সাত ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট ও বল-দুই বিভাগেই উল্লেখযোগ্য অবদান রাখেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার।

ব্যাটিংয়ে শক্তিশালী পারফরম্যান্সে আলোচনায় ছিলেন সোবহানা মোস্তারি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ওপেনার দিলারা আক্তার। বাছাইপর্বে ১৫৪ রান করা নিগার সুলতানা জ্যোতি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। সোবহানা মোস্তারি ১৬ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে রয়েছেন ৬৫ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। বাছাইপর্বে আট উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। দেশের পক্ষে সেরা অবস্থান রাবেয়া খানের (১৪তম)। স্বর্ণা আক্তার ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪ নম্বরে।

তবে সবচেয়ে বেশি নজরে এসেছে মারুফার অবস্থান। ২০৬ ধাপ এগিয়ে সেরা একশর মধ্যে ঢুকে পড়েছেন এই পেসার।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।