বাংলাদেশিরা আমাদের ভাই: সালমান
নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিন্তু আইসিসি সেটি না মানায় বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লিটন দাসরা। তবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আগা বিশ্বকাপের ক্যাপ্টেনস ডে প্রেস কনফারেন্সে এসে মন্তব্য করেছেন বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়া নিয়ে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাদ পড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালমান আলি আগা বলেন, ‘বাংলাদেশের টুর্নামেন্টে না থাকা দুঃখজনক। বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তারা টুর্নামেন্টে খেলছে না, এটা সত্যিই দুঃখের।’
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সংহতি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ তিনি বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই পাকিস্তানের এই অবস্থানকে স্বীকৃতি দেন।
পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যও তুলে ধরেন। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে শরিফ বলেন, ‘বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। মাঠে রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি, এটি একটি অত্যন্ত যথাযথ সিদ্ধান্ত।’
আইএন