আবারও আইসিসি টি-২০ অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাইম আইয়ুব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর মূল্য হাতেনাতে পেয়ে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে সরিয়ে পুনরায় আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরে এসেছেন তিনি।

ঘরের মাঠে পাকিস্তান অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) করার সময় আইয়ুব ১১৯ রান করেছেন এবং ৩টি উইকেট নিয়েছেন। এ পারফরম্যান্সের ফলে তিনি জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজাকে পেছনে ফেলেন।

আইসিসি জানিয়েছে, ‘এই উন্নতি সাইম এবং পাকিস্তানের জন্য খুবই আশাব্যঞ্জক। কারণ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র আর একদিন বাকি। তার আগে এই সাফল্য অনুপ্রেরণা যোগাবে পুরো পাকিস্তান দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য রাখছে, যেখানে তাদের শেষ জয় ছিল ২০০৯ সালে।’

পাকিস্তানের স্পিনার অবরার আহমেদও বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। সিরিজে ছয়টি উইকেট নেওয়ার পর তিনি ভারতীয় বোলার বরুণ চক্রবর্তীর থেকে মাত্র ২৮ রেটিং পয়েন্ট দূরে অবস্থান করছেন।

অন্য পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজও শেষ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর বোলার র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছেছেন। একই সঙ্গে অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে তিনি এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

ব্যাটার মধ্যে সাইম আইয়ুব ৮ ধাপ উঠে ২৭তম স্থানে অবস্থান করছেন, আর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ১২ ধাপ এগিয়ে ২৯তম স্থানে অবস্থান করছেন।

শীর্ষ ১০ ব্যাটারের মধ্যে কিছু পরিবর্তন দেখা গেছে। অভিষেক শর্মা এখনও শীর্ষে থাকলেও, ইংল্যান্ডের জস বাটলার (৩য়), শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (৫ম), ভারতের সূর্যকুমার যাদব (৬ষ্ঠ) এবং নিউজিল্যান্ডের টিম সেইফার্ট (৯ম) সবাই একটি ধাপ এগিয়েছেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ক্যামেরণ গ্রিন ১৪তম, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ২২তম, ভারতের ইশান কিশান ৩২তম এবং প্রোটিয়া ক্রিকেটার রায়ান রিকেলটন ৪০তম উল্লেখযোগ্যভাবে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন।

বোলারদের মধ্যে অভিজ্ঞ আদিল রশিদ দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে এবং মিচেল স্যান্টনার আট ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন। তারা দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দলের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।