মোস্তাফিজের দলে পারভেজ ইমন, পিএসএলে দল পেলেন রিশাদ-নাহিদ রানাও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে বাংলাদেশের চারজন ক্রিকেটার দল পেয়েছেন।

পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে সরিয়ে দেয়ার পর সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে টেনে নেয় লাহোর। তার সঙ্গে চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

মোস্তাফিজ পিএসএলে সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। প্রথমবারের মতো দল পেয়েছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। ২৩ বছর বয়সী এই ব্যাটারকে ৬০ লাখ রুপিতে লাহোর কিনেছে। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ীরা।

ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা প্রায় ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি।

মোস্তাফিজের মতো ভালো দামে বিক্রি হয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার মতো।

তবে গত পিএসএলে দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি।

পিএসএলের আগামী আসর মাঠে গড়াবে চলতি বছরের ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।