যুদ্ধের কারণে সৌদিতে আটকা মুশফিক, চাইলেন দোয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলায় সৌদি আরবের বিমান বন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দিনকয়েক আগে পবিত্র উমরাহ হজ পালন করতে মক্কা নগরীতে গিয়েছিলেন তিনি। আজ তার দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে আটকা পড়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। রওনা দিয়ে দুবাই পৌঁছানোর পর আবারও জেদ্দায় ফেরত পাঠানো হয় সেই ফ্লাইট।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ শেষ করেছি এবং আজ দুবাই (এমিরেটস) হয়ে বাংলাদেশ ফেরার পথে আছি। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের জন্য ইকে ০৮০৬ ফ্লাইটে উঠেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি, যেখানে হাজার হাজার যাত্রী রয়েছেন।’

এমন উদ্বিগ্ন পরিস্থিতে সবার কাছে দোয়া চেয়েছেন মুশফিক, ‘কেবল সর্বশক্তিমান আল্লাহই জানেন আমরা কখন এবং কিভাবে অন্য বাংলাদেশের যাত্রীদের সাথে ঢাকা পৌঁছাতে পারব। দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, গেল কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছিল। আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথভাবে আক্রমণ করেছে ইরানে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন স্থাপনার উপর হামলা চালিয়েছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।