ঝোড়ো সেঞ্চুরিতে বিশ্বকাপে ইতিহাস গড়লেন ফারহান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে পাকিস্তানের মূল ভরসার নাম সাহিবজাদা ফারহান। মারকুটে ব্যাটিং করে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। আরও একবার নামের প্রতি সুবিচার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে। ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করে হাঁকালেন এক অনবদ্য সেঞ্চুরি। খেলেন ৬০ বলে ১০০ রানের ইনিংস। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে প্রথম ব্যাটার হিসেবে করলেন জোড়া সেঞ্চুরি। গড়েছেন একাধিক রেকর্ডও।

পাল্লেকেল্লেতে পাকিস্তানের সামনে সমীকরণ ৬৫ রানের বেশি ব্যবধানে জেতার। সেটি না হলে ভেস্তে যাবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। আর সেই সমীকরণকে বাস্তবে রূপ দিতেই ওপেনিংয়ের সঙ্গী ফখর জামানকে নিয়ে গড়লেন ১৭৭ রানের রেকর্ড জুটি। যা কিনা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ। এবারের আসরেই চেন্নাইতে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন সংযুক্ত আরব-আমিরাতের বিরুদ্ধে দুজনে মিলে গড়েন অপরাজিত ১৭৬ রানের জুটি।

ফখরের বিদায়ের পরও বিচলিত হননি ফারহান। তুলে নেন চলমান আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এক আসরে দুই সেঞ্চুরি করা ব্যাটার একমাত্র ফারহানই। ৬০ বলে ১০০ রানের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। দিশেহারা করে তোলেন স্বাগতিক বোলারদের।

চলমান আসরে সমান দুটি করে সেঞ্চুরি ও অর্ধশতকে ৩৮৩ রাঙ করে রান তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এতদিন এক আসরে সর্বোচ্চ ৩১৯ রান করে শীর্ষে ছিলেন বিরাট কোহলি। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে হওয়া সেই আসরে এই রান করেছিলেন কোহলি। আজ তাকে ছাড়িয়ে গেলেন ফারহান।

ফখর ও ফারহানের অনবদ্য ব্যাটিংয়ে ২১২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। ৬৫ রানের বেশি ব্যবধানে জিততে পারলে নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে পা রাখবে পাকিস্তান।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।