তৃতীয় বিয়ের গুঞ্জন, যা বললেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০১ মার্চ ২০২৬

সানিয়া মির্জাকে ছেড়ে দিয়ে পাকিস্তানি মডেল সানা জাভেদকে বিয়ে করেছিলেন শোয়েব মালিক। এবার আবার গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

শেষ পর্যন্ত নানা গুজব আর গুঞ্জনের ডালপালা মেলতে থাকায় মুখ খুলেছেন শোয়েব মালিক। এক বিবৃতিতে তিনি এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি স্ত্রী সানা জাভেদকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের তীব্র সমালোচনাও করেছেন তিনি।

মালিক বলেন, তার নীরবতাকে অনেকে ‘দুর্বলতা’ ভেবে নিয়েছেন। অথচ পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্যই তিনি এতদিন চুপ ছিলেন।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে বিচ্ছেন হয় ২০২৩ সালে, পারস্পরিক সম্মতিতে। তাদের ঘরে একটি পুত্রসন্তানও রয়েছে।

বিবৃতিতে মালিক বলেন, ‘২০২৩ সালের শুরুতে আমার প্রথম বিবাহ শেষ হয়। পারস্পরিক সম্মতিতে আমরা সিদ্ধান্ত নিই, সন্তানের দায়িত্ব দু’জন মিলে পালন করব। এরপরই আমি পুনরায় বিয়ে করি।’

২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে এক ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে সানা জাভেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি।

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলার পেছনে প্রধান কারণ হিসেবে নিজের সন্তানের কথা উল্লেখ করেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আমাকে কথা বলতে হচ্ছে। আমার ছেলে এমন বয়সে পৌঁছেছে, যখন সে এসব মিথ্যা ও মনগড়া গল্প পড়তে পারবে- যেগুলো কেবল ভিউ আর সামান্য আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এসব ভিত্তিহীন অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে।’

মালিক সবাইকে তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তার ভাষায়, ‘দায়িত্বশীল আচরণ করুন। কয়েকটি লাইক আর ভিউয়ের চেয়ে জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনাদের মতো আমারও পরিবার আছে। আশা করি আমার বার্তাটি ইতিবাচকভাবে নেওয়া হবে এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান বা ঠাট্টা বন্ধ হবে। তা না হলে আমার টিম ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।