৬ মাসে ২২ ম্যাচের সূচিতে মুম্বাইয়ে শুধু জিম্বাবুয়ের একটি ম্যাচ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৭ মার্চ ২০২৬

চলতি বছর বেশকিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে ভারতের। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ মার্চ পর্যন্ত নিজ দেশের ১৭ শহরে ২২টি ম্যাচ খেলবে ভারত। বড় দলগুলো ভারত সফর করলেও মুম্বাইয়ের মাঠ পেয়েছে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ।

ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ পায়নি মুম্বাই, পায়নি বড় দলের ম্যাচও। তাই স্বাভাবিকভাবেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) হতাশ। গতকাল বৃহস্পতিবার এমসিএ সভাপতি আজিঙ্কা নাইক বলেন, ‘আমরা আমাদের অভিভাবক সংস্থার নির্দেশনা মেনে চলি। যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) দেওয়া হয়, তা বাস্তবায়ন করি।’

ওয়াংখেড়ে স্টেডিয়ামের জন্য বরাদ্দ রাখা একটিমাত্র আন্তর্জাতিক ম্যাচ হলো- ৯ জানুয়ারি ২০২৭ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে। আজিঙ্কা নাইক বলেন, ‘আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ- সেটা রঞ্জি ট্রফি হোক, আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল কিংবা ক্লাব ম্যাচ, সবই সমান।’ খার জিমখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। টানা তৃতীয়বারের মতো সেরা রাজ্য সংস্থা হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের স্বীকৃতি পাওয়ায় এমসিএকে সম্মান জানানো হয় সেখানে।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে ক্রিকেট হচ্ছে, এটাই আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা খেলার উন্নয়নে কাজ চালিয়ে যাব।’

এদিকে, বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের একটিও পায়নি ওয়াংখেড়ে। তবে এ নিয়ে বিসিসিআই বা তাদের রোটেশন নীতিকে দোষ দিতে চাননি নাইক। তিনি বলেন, ‘আমি এমসিএর পক্ষেই কথা বলতে পারি। আমাদের যে সিদ্ধান্ত নিতে হয়, আমরা নিই। বিসিসিআইয়ের ব্যাপারে জানতে হলে তাদের কর্মকর্তাদেরই জিজ্ঞাসা করতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।