যে কারণে ক্যাম্পে নেই নাঈম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৯ মার্চ ২০২৬

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে চলমান এই ক্যাম্পে নেই ওপেনার নাঈম শেখ। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও কন্ডিশনিং ক্যাম্পের তালিকায় নাঈম শেখের নাম না থাকাটা অনেকের কাছেই বিস্ময়ের। বিসিবি সূত্রে জানা গেছে, এই ক্যাম্পের জন্য তাঁকে বিবেচনা করা হয়নি, তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো স্পষ্ট নয়। যদিও নবনিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে, দ্রুতই এই বাঁহাতি ওপেনারকে অনুশীলনে দেখা যেতে পারে।

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে ক্রিকেটাররা এখন ঘাম ঝরাচ্ছেন। প্রথম ধাপে মূলত ক্রিকেটারদের ফিটনেস লেভেল যাচাই এবং ফিল্ডিং ড্রিল করানো হচ্ছে।

আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে কিউইরা। ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল মিরপুরেই দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ এপ্রিল শেষ ওয়ানডের জন্য দুই দল চট্টগ্রামে পাড়ি জমাবে। এরপর ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই শুরু হবে কুড়ি ওভারের লড়াই। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এবং ২ মে মিরপুরে শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই সিরিজের।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।