‘ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক থাকবে না’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি। মাঠের এই প্রস্তুতির সমান্তরালে বিসিবি এখন ব্যস্ত ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা নিয়ে। বিশেষ করে বিপিএলের গত আসরের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে করা এবং ঢাকার বাইরে বেশি ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে বোর্ড।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বিপিএল এবং নারী বিপিএল-এর উদাহরণ টেনে বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইচ্ছা কি? খেলাটা ঢাকা কেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার। এই জন্যই এবার কিন্তু আমরা ওপেনিং কিন্তু সিলেটে করা হয়েছে এটা ফার্স্ট টাইম। সুতরাং নারী বিপিএলও কিন্তু ঢাকার বাইরে ওপেনিং হচ্ছে। সো এই স্টেপগুলি মানে এটা হচ্ছে যে আমরা ঢাকা কেন্দ্রিক থেকে বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই।’
ঢাকার বাইরে খেলা বাড়লে প্রতিভা অন্বেষণে নির্বাচকদের ভূমিকা নিয়েও কথা বলেন মিঠু। তিনি বলেন, ‘যখন বাইরে খেলা হবে তখন মনিটর করার জন্য আপনার তো সিলেক্টরদের বাইরে দিবেই। তো ভবিষ্যতে নিশ্চয়ই আরো ঐরকম স্কাউট বা আপনার সিলেক্টর থাকবে যে মনিটর করার জন্য নতুন প্লেয়ার কোত্থেকে আসতে পারে।’
সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলেও বড় ধরনের রদবদল এসেছে। গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন অভিজ্ঞ নাদিফ চৌধুরী ও মোহাম্মদ নাঈম ইসলাম। এই নতুন প্যানেলে আগে থেকেই কাজ করে আসা হাসিবুল হোসেন শান্তও থাকছেন। মূলত ঘরোয়া ক্রিকেটের ওপর তীক্ষ্ণ নজর রাখতেই অভিজ্ঞ এই সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে প্যানেলটি সাজানো হয়েছে।
এসকেডি/আইএন