চোটে বিপর্যস্ত স্টোকস, মে’র আগে মাঠে ফেরা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২৬

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস ভাঙা গালের হাড়ের (চিকবোন) অস্ত্রোপচারের কারণে আগামী মে মাসের আগে মাঠে ফিরতে পারছেন না। ফলে কাউন্টি মৌসুমের শুরুর অংশে ডারহামের হয়ে তাকে পাওয়া যাবে না।

গত ফেব্রুয়ারির শুরুতে ডারহামের নেটে অনুশীলনের সময় একাডেমির এক খেলোয়াড়ের জোরে মারা বলে মুখে আঘাত পান স্টোকস। পরে তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্স দলের কোচিং স্টাফের অংশ হিসেবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সাদা বলের সিরিজে থাকলেও এখনো খেলার জন্য পুরোপুরি ফিট ঘোষণা করা হয়নি।

শুরুর দিকে ডারহাম তাকে আগামী সপ্তাহে কেন্টের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে খেলানোর পরিকল্পনা করেছিল। তবে ক্লাবের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল জানিয়েছেন, স্টোকস সম্ভবত পঞ্চম ম্যাচের আগে ফিরতে পারবেন না। সেই ম্যাচটি ৮ মে থেকে ওরস্টারশায়ারের বিপক্ষে শুরু হওয়ার কথা।

এই ঘটনার ভয়াবহতা নিয়ে ক্যাম্পবেল বলেন, ‘ঘটনাটা আরও ভয়ঙ্কর হতে পারত। কয়েক সেন্টিমিটার এদিক-ওদিক হলে বলটা তার চোখে লাগতে পারত, তখন পরিস্থিতি ভিন্ন হতো। বলটি এত জোরে মারা হয়েছিল যে আমরা ভাগ্যবান সে বড় বিপদ থেকে বেঁচে গেছে।’

উল্লেখ্য, জানুয়ারিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে কুঁচকির চোট পাওয়ার পর থেকে স্টোকস আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী, মে মাসে ডারহামের হয়ে তিনি মাত্র দুটি ম্যাচ খেলতে পারেন- ওরস্টারশায়ার ও কেন্টের বিপক্ষে।

এরপরই ৪ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ইংল্যান্ড দল।

অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারের পরও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে স্টোকস এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ওপরই আস্থা রাখা হবে।

ক্যাম্পবেল আরও বলেন, ‘সে (স্টোকস) ফিট হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। তার নিজের কাছে অনেক কিছু প্রমাণ করার আছে। অ্যাশেজ ভালো যায়নি, এটা সবাই জানে। সে খুবই গর্বিত একজন খেলোয়াড় এবং ইংল্যান্ডকে বিশ্বের সেরা দল হিসেবে দেখতে চায়।’

সব মিলিয়ে, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসাই এখন স্টোকসের প্রধান লক্ষ্য।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।