পিএসএলে দুই বছর নিষিদ্ধ মুজারাবানি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগামী দুই বছর নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ের ঠিক আগে লিগ থেকে সরে দাঁড়ানোর কারণে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুজারাবানির মূলত ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল। তবে তিনি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে কলকাতা নাইট রাইডার্সে খেলতে আইপিএলে যোগ দেন।

পিসিবি তাদের বিবৃতিতে জানায়, পেশাদার ক্রিকেটে চুক্তির প্রতি সম্মান ও আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চুক্তিগত প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়টি, যা লিগের পেশাদার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।

বোর্ড আরও জানায়, লিখিতভাবে পারিশ্রমিক ও অন্যান্য শর্তাবলীতে সম্মতি দেওয়ার মাধ্যমে একটি বাধ্যতামূলক চুক্তি তৈরি হয়। যথাযথ কারণ ছাড়া সেই চুক্তি থেকে সরে দাঁড়ানো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নীতিমালার পরিপন্থী।

এর আগে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেনসার জনসন পিএসএল থেকে সরে গিয়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। তবে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি পিসিবি।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।