সিলেটে টেস্ট অভিষেক হতে যাচ্ছে ওপেনার তানজিদ তামিমের
ইনজুরিতে ছিটকে পড়েছেন সাদমান ইসলাম। সিলেটে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ করেই চোটে পড়েছেন বাংলাদেশের ওপেনার। সাদমান ছিটকে যাওয়া এবং তার বদলে জাকির হাসানের স্কোয়াডে অন্তর্ভুক্তি—এটাই আজ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলের খবর।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, ‘তানজিদ তামিম ছিল আমাদের থার্ড ওপেনিং অপশন।’ অর্থাৎ দুই ওপেনার সাদমান এবং মাহমুদুল হাসান জয় থাকার পর তৃতীয় ওপেনার হিসেবে পরিগণিত ছিলেন তানজিদ তামিম।
তার মানে, সিলেট টেস্টে ওপেনার হিসেবে জাকির হাসান অন্তর্ভুক্ত হলেও একাদশে তাকে নাও দেখা যেতে পারে।
ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে জানিয়ে দিলেন, ‘তানজিদ তামিমকে আমরা থার্ড ওপেনার হিসেবে দলে নিয়েছি। যেহেতু সাদমান ছিটকে পড়েছে, তার জায়গায় তানজিদের খেলার সম্ভাবনাই বেশি।’
তবে হাবিবুল বাশার সুমন পরিবেশ-পরিস্থিতির কারণে সরাসরি কোনো মন্তব্য করেননি। তার নিজের অবস্থানগত কারণেই তিনি জাগো নিউজকে এমন কথা বলে দেননি, তানজিদ তামিমই খেলবেন।
এদিকে দলের অন্যতম থিংক ট্যাংক এবং ঢাকা টেস্ট জয়ের সম্ভাব্য কৌশল বাতলে দিয়ে যিনি বাংলাদেশ ও পাকিস্তানি মিডিয়ায় আলোচিত, সেই মোহাম্মদ আশরাফুলও একই কথা বলেছেন।
তারও ধারণা, সিলেট টেস্টে তানজিদ তামিমকেই ওপেনার হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। যদিও আশরাফুল বলেছেন, এখনো একাদশ নিয়ে সেভাবে আলোচনা হয়নি।
বৃষ্টির কারণে আজ সিলেটে পুরোদস্তুর অনুশীলন করা সম্ভব হয়নি। তবে টিম ম্যানেজম্যান্টের গুরুত্বপূর্ণ দুইজন সদস্যের কথায় অনেকটাই পরিষ্কার, তানজিদ তামিমের টেস্ট অভিষেক হচ্ছে সিলেটে। এবং অবশেষে বাংলাদেশ দল একজন মারকুটে ওপেনারের দেখা পেতে যাচ্ছে।
এআরবি/এমএমআর