আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৬ মে ২০২৬

মাঠ ও মাঠের বাইরে ভারত-পাকিস্তানের দুই দেশের ক্রিকেট সংস্কৃতি রাজনৈতিক উত্তাপের প্রভাবটা আছে বেশি। দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ বহুবছর। মাঠে দুই দলের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলান না ভারতীয় ক্রিকেটাররা। সবশেষ এশিয়া কাপে এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেয়নি ভারত। উদযাপন করেছে ট্রফি ছাড়াই।

এতকিছুর পরও চলতি মাসের শেষদিকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভা ও আইপিএলের ফাইনালে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

আজ শনিবার সূত্রের বরাত দিয়ে এই খবর প্রচার করেছে জিও নিউজ।

একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আইসিসির প্রধান নির্বাহী কমিটি ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করছে।

প্রতিবেদন অনুযায়ী, ভার্চুয়াল সভা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি বোর্ড সভা হওয়ার কথা রয়েছে। একই সময়ে ৩১ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে মহসিন নাকভির সরাসরি সভায় অংশ নেওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তান সরকারের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থান তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে সূত্রগুলোর দাবি, পিসিবি চেয়ারম্যানকে বোর্ড সভা ও আইপিএল ফাইনাল দুই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাকভি আমন্ত্রণপত্রটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফের কাছে পাঠিয়েছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন, নাকভি ভারত সফরে গিয়ে সভা ও ফাইনালে অংশ নেবেন কি না।

উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক সভাগুলো মূলত মার্চ-এপ্রিল মাসে কাতারের দোহায় হওয়ার কথা ছিল। তবে আঞ্চলিক অস্থিরতার কারণে সেগুলো স্থগিত করা হয়েছিল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।