৭৭ রানের জুটি গড়েও আক্ষেপ তাইজুলের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৮ মে ২০২৬

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট এখন কার্যত ফলের দিকেই এগোচ্ছে। শেষ দুইদিনে পাকিস্তানের সামনে লক্ষ্য ৪৩৭ রান, আর বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট। তৃতীয় দিনে ব্যাট হাতে বাংলাদেশ যে লড়াই দেখিয়েছে, তাতে পাকিস্তানের জন্য জেতা কঠিনই হয়ে গেছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে অবদান রেখেছেন স্পিনার তাইজুল ইসলাম।

তাইজুল টুকটাক ব্যাটিং পারেন, সেটা সবারই জানা। প্রথম ইনিংসে করেছিলেন ১৬ রান, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২২। তার চেয়ে বড় কথা, মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়ে গড়েছেন ৭৭ রানের জুটি। যে জুটির কারণেই সেঞ্চুরি পাওয়া সহজ হয়েছে মুশফিকের।

নিচের দিনে ব্যাটিংয়ে অবদান রাখতে পেরে সন্তুষ্ট? তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন, ‘এখানে সন্তুষ্ট হওয়ার মানে কোনো বিষয় না, আরও একটু লম্বা করতে পারলে (ইনিংস) হয়তোবা দলের জন্য আরও ভালো হতো। কারণ উইকেট এখনও ভালো আছে। আমরা যদি আরও একটু যদি জুটি গড়তে পারতাম তাহলে আরও ভালো হতো।’

ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, ‘এখন অনেকেই এটা নিয়ে অনেক মনোযোগী। আমরা (টেল এন্ডার ব্যাটার) যদি কিছুটা হলেও অবদান রাখতে পারি দলের জন্য লাভ।’

ব্যাটিং অবদানের গুরুত্ব নিয়ে নিজের মত জানিয়ে তাইজুল বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা খেলোয়াড়ের জন্যও লাভ যে, আমি বল করার পাশাপাশি যখন আমি ২০টা-৩০টা রান করতে পারবো। এটা অবশ্যই একটা বড় সুবিধা।’

মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই স্পিনার। তার ভাষায়, ‘আপনি যখন একজন সিনিয়র খেলোয়াড়ের সাথে ড্রেসিংরুম শেয়ার করবেন, তার যে অভিজ্ঞতা, বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাট করছিলাম আমাকে অনেক তথ্য দিচ্ছিলেন।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।