অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন হারিস রউফ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা। হারিস রউফ এতটাই ভেঙে পড়েছিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পাকিস্তানি গণমাধ্যমে এসেছে এমন খবর।

ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে রউফ নিজেকে সরিয়ে নেওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়েন। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ এবং প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ সরাসরিই কাঠগড়ায় দাঁড় করান হারিসকে।

যার ফলে সমর্থকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। যেহেতু দেশের খেলা বাদ দিয়ে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে চেয়েছিলেন রউফ, স্বাভাবিকভাবেই সবাই বলাবলি করছিলেন, তার কাছে দেশের চেয়ে বড় টাকা।

চারদিকের এত সমালোচনায় একদম ভেঙে পড়েন হারিস রউফ। ৩০ বছর বয়সী এই পেসার সিদ্ধান্ত নেন, আন্তর্জাতিক ক্রিকেটেই আর খেলবেন না। পরে পরিবার এবং বন্ধুরা বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করেন তাকে।

মূলত ফিটনেস-ইস্যু এবং ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কারণেই টেস্ট থেকে নিজেকে বিশ্রামে রাখতে চেয়েছিলেন হারিস রউফ। এর আগে ভারত বিশ্বকাপ চলার সময়ও পাকিস্তানের তখনকার হেড কোচ মিকি আর্থারকে জানিয়েছিলেন, তার শরীর এত চাপ নিতে পারছে না।

বিশ্বকাপে পাকিস্তানের হয়ে নয়টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি রান খরুচে বোলার ছিলেন রউফ। তারপর তিনি নিজেই অনুধাবন করেন, বড় ফরম্যাট খেলার জন্য যথেষ্ট ফিট নন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।