নারী সাফ অনূর্ধ্ব-১৯

সর্বাধিক গোলদাতা ও টুর্নামেন্ট সেরা বাংলাদেশের আলপি আক্তার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ফাইনাল শেষে মঞ্চে উঠে দুটি পুরস্কার নিলেন বাংলাদেশের আলপি আক্তার। সর্বাধিক গোলদাতার গোল্ডেন বুট ও টুর্নামেন্ট সেরা পুরস্কার গোল্ডেন বল জিতেও মুখে হাসি ছিল না বাংলাদেশের এই স্ট্রাইকারের। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা আলপি ফাইনালে গোল পাননি, দলও হেরে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে।

দুটি হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন পঞ্চগড়ের কিশোরী আলপি আক্তার। আলপি আক্তারের পায়ের কারুকাজের ওপর ভর করেই বাংলাদেশ উঠেছিল ফাইনালে।

পঞ্চগড়ের টু-স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই কিশোরীর দিকেই নজর ছিল সবার। তবে আসল ম্যাচে আলপি গোল পাননি। তাই ব্যক্তিগত জোড়া পুরস্কার জিতেও মুখে হাসি ছিল না তার।

আলপি আক্তার ঘরোয়া লিগেও দুর্দান্ত খেলছেন। রাজশাহী স্টারসের হয়ে ২৫ গোল করেছেন আলপি। লিগে সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়েও অন্যদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন প্রতিভাবাবান এই ফুটবলার।

পোখারায় আলপি প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে করেছিলেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন ১ গোল এবং শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৩ গোল।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।