ফেডারেশন কাপ

কিংস অ্যারেনায় ফাইনাল না খেলতে অনড় মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৮ মে ২০২৬

আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় নির্ধারিত মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছে। মোহামেডান ওই মাঠে কিংসের বিপক্ষে খেলবে না বলে গত ১২ মে যে চিঠি দিয়েছিল বাফুফেকে, সেই সিদ্ধান্তে অনড় রয়েছে সাদাকালোরা।

সোমবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফাইনাল নিয়ে জরুরি আলোচনায় বসেছিলেন মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমানের সাথে। তবে আলোচনা ফলপ্রসু হয়নি। তাই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনাল অনিশ্চিতই হয়ে পড়েছে।

তাবিথ আউয়ালের সাথে আলোচনা করে বাফুফে ভবন থেকে বের হয়ে মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান বলেছেন, আমি ক্লাবের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে জানিয়ে দিয়েছি কিংস অ্যারেনায় আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব না। বিকল্প হিসেবে যে কোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের অনুরোধ করেছি। এখন বাফুফে কী করবে, সেটা তাদের বিষয়।

মোস্তাকুর রহমান বলেন, ওই মাঠে অতীতে মোহামেডান যত প্রতিকূলতার মধ্যে পড়েছিল, সবই অবহিত করেছি সভাপতিকে। তিনি কোথায় খেলা হবে সভাপতি তাৎক্ষণিক কিছু বলেননি। অন্যদের সাথে আলোচনা করে জানাবেন বলেছেন। আপাতত এ পর্যন্তই আছে ইস্যুটা।

এখন বাফুফে কী করবে? জানতে যোগাযোগ করা হলে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হাসেন চৌধুরীকে ফোন দিলেও পাওয়া যায়নি।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।