তামিম দেশে ফিরছেন কাল


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ মিশন শেষ করেই ওমরা পালন করতে পবিত্র ক্বাবা শরীফের দেশে পাড়ি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা।

ওমরাহ পালন শেষে রবিবার দেশে পৌঁছাবেন তামিম। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের প্রথম ম্যাচে ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে রবিবার মাঠে নামবেন না এই ওপেনিং ব্যাটসম্যান।

শনিবার চার ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে আসেন। ইসলামি ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক হিসেবে তামিমের পরিবর্তে সাংবাদিকদের সামনে আসেন মুমিনুল হক।

ইস্টজোনের অধিনায়কের দায়িত্ব মুমিনুল হককে দেওয়ার কারণ হিসেবে  বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘তামিম ওমরাহ শেষ করে আগামীকাল ফিরবে, এই কারণেই মুমিনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, বিশ্বকাপে একের পর এক ব্যর্থতা, দলের প্রয়োজনে জ্বলে ওঠতে না পারায় সমালোচিত হচ্ছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। বিশেষ করে ধারাবাহিক ব্যর্থতার পরও দলে তার অন্তর্ভূক্তিকে ভালো চোখে দেখছিলেন না ক্রিকেট প্রেমীরা।

অনেকে তামিমকে খোঁচাও দিচ্ছিলেন ‘চাচা কোঠা’র খেলোয়ার হিসেবে। এসব মানসিক যন্ত্রণার হাত থেকে বাঁচতেই হয়তো আল্লাহর সান্নিধ্যের সন্ধানে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় স্থান ক্বাবা জিয়ারত করলেন তিনি। জীবনের গুরুত্বপূর্ণ এই সফরে সঙ্গী করে নিয়ে গেছেন সহধর্মিণীকে।

এবার সবার প্রত্যাশা, ফর্ম নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত এই ড্যাশিং ওপেনার ফর্মে ফিরে আসবেন। বিসিএল এবং আসন্ন পাকিস্তান সিরিজে কথা বলুক তামিমের বিশ্বস্ত ব্যাট। যে ব্যাটের উপর ভরসা ১৬ কোটি বাঙ্গালির।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।