বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন সোহাইল খান
পিঠের ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের পেস বোলার সোহাইল খান। সোহাইলের পরিবর্তে পাকিস্তানের ওয়ানডে দলে নেয়া হয়েছে জুনায়েদ খানকে।
এর আগে শুক্রবার কন্ডিশনিং ক্যাম্পে চার ওভার বল করার পর পিঠের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী পেসার সোহাইল খান। এরপর সোহাইলকে স্ক্যান করানো হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইনজুরির কারণে তাকে কমপক্ষে দুই সপ্তাহ দলের বাইরে থাকতে হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড’র (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, ‘হঠাৎ ফিটনেস জনিত সমস্যার কারণে সোহাইল দলের বাইরে চলে যাওয়ায় আমরা ওয়ানডে দলে জুনায়েদকে অন্তর্ভূক্ত করেছি। তার ইনজুরি কতোটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে তাকে কমপক্ষে ২ সপ্তাহ বিশ্র্রামে থাকতে হবে।
উল্লেখ্য আগামী ১৩ এপ্রিল ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও একমাত্র টি-২০ খেলতে ভিন্ন তিন অধিনায়ককে নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
এমআর/এমএস