আলমেরিয়ার বিপক্ষে রিয়ালের জয়
নিজেদের মাঠে আলমেরিয়ার বিপক্ষে জয় নিয়ে শিরোপা দৌড়ে নিজেদের কাজটা আরেকধাপ এগিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের সাত নম্বর দলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে শেষ মুহূর্তে রদ্রিগেজের দর্শনীয় ভলিতে গোলের মুখ খোলে রিয়াল। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে বল আলমেরিয়ার জালে জড়ান তিনি। ব্রাজিল বিশ্বকাপে গোটা দুনিয়ার নজর কেড়েছিলেন কলম্বিয়ায় স্ট্রাইকার। বুধবারের বার্নাব্যুতে যেন তারই ফ্ল্যাশ-ব্যাক দেখতে পেলেন দর্শকরা।
মধ্যবিরতির পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে রিয়ালের। রোনালদোর দিকে বাড়ানো ক্রুসের কোণাকুণি শট ঠেকাতে যেয়ে নিজের জালেই জড়িয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার মাউরো দস সান্তোস। এরপর ম্যাচে ৮৪ মিনিটে আলমেরিয়া জালে শেষ পেরেকটি জড়িয়ে দেন আলভারো আরবেলোয়া। হাভিয়ের হার্নান্দেসের বাড়িয়ে দেয়া বলে ২০০৮ সালের পর লিগে নিজের প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আরবেলোয়া।
এ ম্যাচেও গোল পায়নি রিয়ালের গোল মেশিন রোনালদো। সহজ কিছু গোলের সুযোগ নষ্ট করে হতাশ হয়ে পড়েন তিনি। পরে সতীর্থদের সাথে গোল উদযাপনেও যোগ দেননি টানা তিন ম্যাচ গোলের দেখা না পাওয়া রোনালদো। তবে লিগে অবশ্য ৩৯ গোল নিয়ে তিনিই শীর্ষে আছেন।
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। মাত্র দু’পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে মেসির বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবেন রোনালদোরা।
এমআর/আরআই