মুক্তিযোদ্ধার বিপক্ষে মোহামেডানের জয়
দুই গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ঐতিহ্যবাহী দলটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় তুলে নেয়।
মোহামেডান সমর্থকারও দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচ জয়ের চিন্তা মাথায় আনতে সাহস করেনি। কিন্তু ফুটবলটা মাঠের খেলা,মাঠেই সব ভাবনা বদলে দিয়ে দুর্দান্ত এক জয় নিয়ে ঘরে ফিরেছে সাদা-কালোরা।
খেলার ৪০ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুলের পাস থেকে বল নিয়ে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন বিপ্লব। গোলরক্ষক মোহাম্মদ নেহাল এগিয়ে আসলে তাকে কাটিয়ে বল জালে ঠেলে দিয়েছে তিনি। হঠাৎ গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে আরও হতভম্ব করে দেন দুই মিনিট পর এনামুল গোল করে। সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বার পাস থেকে এনামুল চমৎকার শটে মোহামেডানের জাল কাঁপিয়ে করেছেন লিগে নিজের ষষ্ঠ গোল।
মোহামেডান ব্যবধান কমায় ৫৭ মিনিটে পেনাল্টি গোলে। ব্যবধান কমানোর পর মোহামেডান আর বেশি মরিয়া হয়ে চেপে ধরে মুক্তিযোদ্ধাকে। ৮০ মিনিটে তৌহিদুল আলম সবুজের মাইনাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান মোহামেডানের বদলী মিডফিল্ডার ইব্রাহিম। পরের মিনিটেই ইসমাইল বাঙ্গুরাকে বক্সে ফাউল করেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আশরাফুল করিম। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে বাঙ্গুরা ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এমআর/আরআইপি