অ্যাকশন বদলে ফুরিয়ে গেছেন আজমল!


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৪ মে ২০১৫

বোলিং অ্যাকশন বদলের সাথে সাথে বদলে গেছেন সাঈদ আজমল। আগের সেই বিধ্বংসীরূপ এখন আর নেই। টাইগারদের বিপক্ষে নিজেকে স্বরূপে ফিরতে পুরোপুরি ব্যর্থ পাকিস্তানি এই বোলার। আর দর্শকদের অভিমত, অ্যাকশন বদলে ফুরিয়ে গেছেন আজমল। আজমল ফেরায় বাংলাদেশ শিবিরে সামান্য দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত সঠিক বলেই প্রমাণ হলো কোচ হাতুরুসিংহের কথা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে টাইগারদের কোচ চান্দিকা হাতুরুসিংহে বলেছিলেন, ‘নতুন অ্যাকশনে আজমল এখন আর আগের মতো কার্যকর হবে না।’

সেটির প্রমাণ মেলে বিসিবি একাদশের সাথে পাকিস্তান দলের অনুশীলন ম্যাচে। ৮ ওভার বল করে ৪৫ রান দিয়ে মাত্র একটি উইকেট পান আজমল। ১৭ এপ্রিল মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আজমলের অবস্থা তো আরো শোচনীয়। ১০ ওভার বল করে তিনি দিয়েছেন ৭৪ রান। কোনো উইকেট না পাওয়া আজমলকে ৮টি চার ও ৩টি ছয়ের মারে বসিয়ে দিয়েছে টাইগাররা।

১৯ এপ্রিল দ্বিতীয় ওয়ানডেতে ৯ ওভার ১ বলে ৪৯ রান দিয়েছেন আজমল। তার বলে ৪টি চার ও ১টি ছয়ও হাকিয়েছে টাইগাররা। তবে এ ম্যাচে মাহমুদুল্লাহকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার ফিরে প্রথম উইকেট পান তিনি।

এর  আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের তারকা স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এর পর নেমে আসে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।