ক্রিকেটকে বিদায় বললেন জোনাথন ট্রট


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০৫ মে ২০১৫

নিজের সাথে যুদ্ধ করে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রট। অসুস্থতার কারণে ১৬ মাস পরে ক্রিকেটে ফেরা এ ক্রিকেটার অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন।

এর আগে ২০১৩-১৪ অ্যাশেজ মৌসুমে ব্রিসবেন টেস্টে মিচেল জনসনের বাউন্সি বলে দুই ইনিংসে আউট হলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ট্রট। তবে ১৬ মাস পরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবারো দলে ডাক পান তিনি।

অবসরের ঘোষণার পর বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রট বলেন,এটা আমার জন্য অনেক কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কারণ,আমি মনে করছি এখন আমার যে ফর্ম ও খেলার ধরণ তা আর ইংলিশ ক্রিকেটের সঙ্গে যায় না। আমি ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করতে পারায় অত্যন্ত গর্বিত কিন্তু দুঃখজনক হচ্ছে যে এটি আর কাজ করছে না।

২০০৯ সালে ক্যারিয়ার শুরু করা ট্রট সর্বমোট ৫২টি টেস্ট খেলেছেন। যেখানে ৪৪.০৮ গড়ে নয়টি সেঞ্চুরি ও ১৯ হাফ-সেঞ্চুরিতে ৩৮৩৫ রান করেছেন। পাশাপাশি ৬৮ ওয়ানডে ম্যাচ খেলে ৫১.২৫ গড়ে চারটি সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরি সহ ২৮১৯ রান করেছেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।