বিসিবির হাই পারফরম্যান্স কোচ পল টেরি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দলের নতুন কোচ হচ্ছেন ভিভিয়ান পল টেরি। জার্মান বংশোদ্ভূত ইংলিশ কোচ বিসিবির সঙ্গে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। ৫৫ বছর বয়সী পল টেরি ঢাকায় এসেছেন রোববার।
মূলত হাই পারফরম্যান্স ইউনিটের কোচিং ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা গেছে তাকে। ঘুরে দেখেছেন গোটা স্টেডিয়াম। আপাতত কয়েক দিন প্ল্যানিং করেই দিন কাটবে তার। চূড়ান্ত কাজ শুরু করবেন জুনের প্রথম সপ্তাহে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার পলকে নিয়ে বলেন, প্রাথমিকভাবে বছরে ১০০ দিনের চুক্তি হওয়ার কথা। বাকিটা পরে ঠিক করা হবে। ট্রেনিংয়ের সময় ও রিপোর্টের সময় তিনি থাকবেন। ওনার কাজের খসড়া পরিকল্পনা হয়েছে। পরে চূড়ান্ত হবে।
হাই পারফরম্যান্স ইউনিটে সুযোগ পাবে বিসিবি একাডেমি, অনূর্ধ্ব-১৯ দল, প্রতিভাবান তরুণ ক্রিকেটার ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সর্বশেষ প্রধান কোচ ছিলেন রিচার্ড ম্যাকিন্স। অনেক বছর ধরে বিসিবির এই বিভাগ বন্ধ ছিল। ম্যাকিন্সের আবিস্কার ছিলেন বর্তমান জাতীয় দলের মুশফিক-সাকিব-তামিমরা।
এএইচ/পিআর