বাংলাদেশে আসছেন পিসিবি সভাপতি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বুধবার মাঠে নামবে পাকিস্তান। আর ম্যাচ দেখতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। সোমবার এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।
সংবাদপত্রটির অনলাইন ভার্সনে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরে একের পর এক হারে নাকাল পাকিস্তানি ক্রিকেটারদের প্রেরণা দিতেই ঢাকা টেস্ট দেখতে আসছেন শাহরিয়ার খান। পিসিবি প্রধান বলেছেন, ‘সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে চাই আমি।’
তবে টেস্ট ম্যাচটি দেখার পাশাপাশি বাংলাদেশ সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা পিসিবি প্রধানের। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ককে আগামীতে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে আগ্রহী তিনি।
বাংলাদেশ সফর শেষে ঢাকা থেকে সরাসরি কলকাতায় যাওয়ার কথা শাহরিয়ার খানের। সেখানে ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক উন্নয়নে আলোচনা করবেন তিনি।
এমআর/পিআর